লক্ষ্মীপুরে নগদ টাকাসহ আটক কৃষকদল নেতার মুক্তি
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় নির্বাচনকালীন চেকপোস্টে তল্লাশি চালিয়ে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলের ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে টাকাসহ তাকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঝুমুর চত্বরে স্থাপিত চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭ নম্বরের একটি গাড়ি আটকানো হয়। গাড়িটি শ্যামল ব্যবহার করছিলেন। তল্লাশির সময় নগদ ১৫ লাখ টাকা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, বদরুল ইসলাম শ্যামল জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং শহরের আল-আমিন ফার্মেসির মালিক। আটক গাড়িটির সামনে ও পেছনে লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী পোস্টার লাগানো ছিল। শ্যামল ওই প্রার্থীর আত্মীয় বলেও জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়ি থেকে টাকা উদ্ধারের পর শ্যামলকে জেলা ও দায়রা জজ আদালতে নেওয়া হয়। সেখানে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় এবং প্রায় আধাঘণ্টা শুনানি শেষে টাকা বৈধ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী বলেন, উদ্ধার হওয়া টাকা নির্বাচনী কাজে, বিশেষ করে ভোটকেন্দ্রের এজেন্টদের ব্যয়ের জন্য রাখা হয়েছিল। প্রশাসন যাচাই করে সেটি বৈধ বলে নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই।
লক্ষ্মীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউল হক বলেন, আটকের পর বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। আদালতের মাধ্যমে যাচাই শেষে এটি বৈধ নির্বাচনী তহবিল হিসেবে নিশ্চিত হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।
১২২ বার পড়া হয়েছে