পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষ প্রতীকের একটি নির্বাচনী ব্যানার সড়কের ওপর টানানো ছিল। অভিযোগ রয়েছে, জামায়াতের নেতাকর্মীরা শাপলা কলির শোডাউন চলাকালে ব্যানারটি ছিঁড়ে ফেলেন। এ নিয়ে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে জামায়াত ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের দাবি, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষে শোডাউন করে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে তাদের গতিরোধ করে এবং হামলা চালায়। এতে একজন নারীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অপরদিকে গভীর রাতে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির পঞ্চগড় সদর হাসপাতালে আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন। তিনি বলেন, “নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।”
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ জানান, সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৩৩ বার পড়া হয়েছে