ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ইসি এই নির্দেশনা না তুলে নিলে সন্ধ্যার মধ্যে কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, 'ইসি ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি পরিবর্তন না হলে আগামীকাল ইসি ঘেরাও করা হবে।'
তিনি আরও বলেন, 'ইসির পক্ষপাতিতা হলে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের অবস্থার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।'
ইসি’র সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম রবিবার (৮ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের লিখিত নির্দেশনা দিয়েছেন, যাতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটাররা মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারে।
তবে ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার ও ভিডিপির দু’জন সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
১২৩ বার পড়া হয়েছে