চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই। সভায় তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, আর এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা নির্বাচনকালীন মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ, তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা এবং গণভোট সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শেষপর্যায়ে সবাই সম্মিলিতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
১০৭ বার পড়া হয়েছে