মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : মনজুর কাদের
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ১১ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আলমের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) মনজুর কাদের বলেন, তিনি সরাসরি প্রার্থী না হয়েও রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন এবং চারদিক থেকে আসনটি ঘিরে ফেলেছেন।
রবিবার সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, 'আমি প্রার্থী না হলেও মাঠে নামায় জামায়াতে ইসলামী, এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জনমত সৃষ্টি হচ্ছে। চারদিক থেকে ঘেরাও দিয়েছি, যাতে দাঁড়িপাল্লা ও শাপলা কলির গণজোয়ারে প্রতিপক্ষের কোনো মার্কার ঢেউ আসতে না পারে। এজন্য আমরা বিজয়ী হব।'
উন্নয়ন প্রসঙ্গে মেজর মনজুর কাদের বলেন, এনায়েতপুরে তিনি একটি হাট প্রতিষ্ঠা করেছেন এবং বিজয় অর্জিত হলে তাঁত শিল্পের উন্নয়নে এনায়েতপুর-বেলকুচি সড়কের দুই পাশে শিল্পকারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি বেলকুচির তাঁতিদের জন্য আলাদা হাট উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, 'আমি শুধু কথা বলি না, করে দেখাই। বেলকুচি ও চৌহালীতে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। এখানে অন্যায় চলবে না। মানুষ দরজা খোলা রেখে ঘুমাবে, গরু-ছাগল তো দূরের কথা, মুরগিও চুরি হবে না।'
আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ইভটিজিং ও সন্ত্রাসী চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, 'চাঁদাবাজির বিষদাঁত আমি ভেঙে দেব। প্রশাসনিক ও আইনি ক্ষমতা ব্যবহার করে কীভাবে তা করতে হয়, আমি জানি। আইনের পাঁচটি ডিগ্রি নিয়েছি, সব ক্ষমতা জনগণের স্বার্থে প্রয়োগ করবো।'
জনসভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত প্রার্থী আলী আলম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজসহ জামায়াত ও জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
১৮৮ বার পড়া হয়েছে