বাগাতিপাড়ায় জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মিছিল ও পথসভা
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (আজ) সকাল ১০টায় এই কর্মসূচি পালন করা হয়।
জামায়াতের বাগাতিপাড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে মিছিলটি বাগাতিপাড়া পাইলট স্কুল মাঠ থেকে শুরু হয়। পরে এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা চত্বর অতিক্রম করে মালঞ্চী রেলগেটে গিয়ে পথসভায় পরিণত হয়।
পথসভায় উপজেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেক্রেটারি ইশরাত জাহান বেবী। এছাড়া বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের নারী সমাজ এখন আর পিছিয়ে নেই। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারী সমাজকে ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার জন্য মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানান এবং ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
প্রায় সহস্রাধিক মহিলা কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিল ও পথসভা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোট সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।
১৬৮ বার পড়া হয়েছে