রাজশাহীতে ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সংগঠনটির রাজশাহী জেলা পূর্ব শাখার উদ্যোগে বানেশ্বর বাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজার এলাকার বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বানেশ্বর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান। তিনি বলেন, ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সদস্যদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ফাইসাল শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদদের আদর্শ অনুসরণ করে বিপ্লবী চেতনা, দেশপ্রেম ও আত্মত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল আলী। তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
এ সময় জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক আব্দুল রবসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে