নড়াইলে দুইদিনব্যাপী মতুয়া সম্মেলন ও গ্রামীণ মেলা সমাপ্ত
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রামে দুইদিনব্যাপী মতুয়া সম্মেলন, হরিনাম সংকীর্তন, ধর্মীয় যাত্রাপালা ও গ্রামীণ মেলা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতের মধ্যে সফলভাবে শেষ হয়েছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।
হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসীম পালের বাসভবনে ৭ম বার্ষিক সম্মেলনে জেলার একাধিক মতুয়া দল অংশগ্রহণ করে। মতুয়া দলগুলো গুরুচাঁদ ঠাকুর ও হরিচাঁদ ঠাকুরের আদর্শ প্রচার, হরিনাম সংকীর্তন, সম্প্রীতি বৃদ্ধিসহ মিলন মেলায় অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর। আলোচনা সভায় জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দেব মজুমদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি অশোক কুন্ডু ও অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলন চলাকালে নড়াইল-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ এবং জেলা বিএনপির সাবেক (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক কলস প্রতীকের প্রার্থী মোঃ মনিরুল ইসলাম উপস্থিত থেকে সকলকে পাশে থাকার ও ভোটদানের আহ্বান জানান।
মতুয়া অসীম পাল জানান, জেলা ও দেশের বিভিন্ন এলাকায় মতুয়া সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি সম্প্রদায়ের সন্তানদের পড়াশোনার জন্য শিশু শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, “ভবিষ্যতে মতুয়া সম্প্রদায় যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, সে জন্য মতুয়া মিশন নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় মতুয়া সম্মেলনের আয়োজন করে যাচ্ছে।”
১৬৬ বার পড়া হয়েছে