চাঁদপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিককে নিয়ে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার বলেন, "চাঁদপুরে নির্বাচনকালীন পরিবেশ সন্তোষজনক। এখন পর্যন্ত কোনো প্রার্থী ফোনে অভিযোগ করেননি।"
তিনি আরও বলেন, "সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা যেকোনো বিষয় সংক্ষেপে ও স্পষ্টভাবে জনগণের কাছে তুলে ধরতে পারবেন। ভোটের সময় সাংবাদিকরা নিরপেক্ষভাবে নিউজ করতে পারেন। যদি কোনো সংবাদ আমার বিরুদ্ধে যায়, তাতেও সমস্যা নেই। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধান করা উত্তম।"
প্রশিক্ষণের সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক। প্রশিক্ষণ প্রদান করেন এনটিভি’র জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক।
১৮৮ বার পড়া হয়েছে