শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বরগুনা পরিদর্শনে নৌবাহিনী প্রধান
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনা পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে তিনি বরগুনা সার্কিট হাউজ মাঠে অবতরণ করেন। পরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে নৌপ্রধান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তিনি জানান, সদস্যদের প্রস্তুতি, কর্মস্পৃহা ও দায়িত্ববোধ দেখে তিনি আশাবাদী যে নৌবাহিনীর প্রতিটি সদস্য দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।
তিনি বলেন, “দেশ ও জাতির জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবো এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে সম্মিলিতভাবে কাজ করবো।”
নৌপ্রধান আরও জানান, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার সশস্ত্র বাহিনীর মোতায়েন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র নৌবাহিনীর পক্ষ থেকেই প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে, যা পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ। পাশাপাশি উপকূলীয় ও দ্বীপাঞ্চলে জাহাজ ও বিভিন্ন জলযান মোতায়েন করা হয়েছে। কোস্টগার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এ দায়িত্বে সহায়তা করছেন।
তিনি নৌবাহিনীর সদস্যদের নিরপেক্ষ ও নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে। আমরা একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
পরিদর্শন শেষে তিনি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন নির্বাচন আয়োজনের মূল দায়িত্বে থাকলেও সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে সহায়তা প্রদান করবে। শুধু নির্বাচনের দিন নয়, নির্বাচন-পরবর্তী কয়েকদিনও সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেন তিনি। অতীতে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে প্রভাব সৃষ্টির চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার প্ররোচনায় কেউ যেন ভুল সিদ্ধান্ত না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
সাংবাদিকদের উদ্দেশ্যে নৌপ্রধান বলেন, নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে, যাতে কোনো ভুল তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা জনমনে নেতিবাচক প্রভাব না ফেলে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মর্শেদ আলম, বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র্যাব, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
পরিদর্শন শেষে বিকেল ৩টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে বরগুনা ত্যাগ করেন নৌবাহিনী প্রধান।
২৩৫ বার পড়া হয়েছে