দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি শফিকুর রহমানের
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল ক্ষমতায় গেলে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি জানান, জুলাই সনদ ও সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ১১ দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, তাদের জোটের প্রার্থীদের মধ্যে ব্যাংক ডাকাত, চাঁদাবাজ, ঋণখেলাপি, মামলাবাজ বা নারী নির্যাতনের অভিযোগে জড়িত কেউ নেই। যাচাই-বাছাই করেই প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য।
তিনি বলেন, আসন্ন ১২ তারিখের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু ভোট নয়, বরং দেশের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে এ সুযোগ এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশ পরিচালনার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বাংলাদেশের স্বকীয়তা বজায় রেখেই উন্নয়ন করা হবে। অন্য দেশের মডেল অনুকরণ নয়, বরং একটি মর্যাদাপূর্ণ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, সাধারণ নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারী—সবার জন্য একই আইন প্রযোজ্য হবে। কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না।
নারী ও শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। কর্মজীবী নারী ও মায়েদের জন্য ডে-কেয়ার ও বেবি কেয়ার সেন্টার স্থাপন, শিল্পাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা এবং শ্রমিকদের ন্যায্য দাবিতে রাষ্ট্রীয় সহায়তার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে তিনি ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।
সভায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াতের প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হাতে প্রতীক তুলে দেওয়া হয়। জেলা জামায়াতের আমির আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত জনসভায় দুই উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নারী কর্মীদের জন্য পৃথক বসার ব্যবস্থাও রাখা হয়।
২১৪ বার পড়া হয়েছে