শেরপুরে জামায়াত নেতার জানাজা অনুষ্ঠিত
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের জানাজা নামাজ দুই দফায় অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার শেরপুর শহরের পৌর পার্ক মাঠে বেলা ৩টায় প্রথম জানাজা এবং বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম মাসুম, ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে তাকে শেষ বিদায় জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে শ্রীবরদী থেকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৭৯ বার পড়া হয়েছে