মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম তোজাম্মেল হোসেন (৫৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে মাদারগঞ্জ–ভাটারা আঞ্চলিক সড়কের পলিশা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোজাম্মেল হোসেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফকরিপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত অসি ফকিরের ছেলে এবং দীর্ঘদিন ধরে সিধুলী ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেলে করে তিনি বালিজুড়ী বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পলিশা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অপর মোটরসাইকেলের চালক পালিয়ে যায়।
খবর পেয়ে নিহতের সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত এস এম তোজাম্মেল হোসেন স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে