চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ৩০ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেলে জেলার নাককাটি তলা এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় তারা বিএনপিতে যোগ দেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। তিনি বলেন, বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে জামায়াতের কর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন। জামায়াতের রাজনীতির সমালোচনা করে তিনি দাবি করেন, বিএনপি জনগণের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে।
অধ্যাপক শাহজাহান মিঞা আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি কুটির শিল্পের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।
ধাইনগর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক একে আসগরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ এবং ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
১০৬ বার পড়া হয়েছে