নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর সদর উপজেলার একটি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রীকে (৬)ধর্ষণচেষ্টা করার অভিযোগে পুলিশ এক শিক্ষককে গ্রেপ্তার করেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তার শিক্ষক মো. রুহুল আমিন (২৪) সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে ছাত্রী ক্লাস চলাকালীন সময়ে মধ্যবর্তী বিরতির সময় মাঠে খেলছিল। সেই সময় শিক্ষক তাকে মাদরাসার অফিস রুমের পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান এবং ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করেন। ঘটনার পর শিশুটি বিষয়টি বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে মা সুধারাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
১০১ বার পড়া হয়েছে