জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় না থাকলেও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও তা করবে।
তিনি বলেন, 'প্রতিপক্ষরা বারবার দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, বিভিন্ন মামলা ও নির্যাতনের মাধ্যমে দলকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। তবুও রংপুরের মানুষ পরম মমতায় আমাদের দলকে রক্ষা করেছে এবং নিজেদের দল হিসেবে গ্রহণ করেছে। ফলে আমাদের দল বারবার পুনরুত্থান হয়েছে।'
মঙ্গলবার দুপুরে রংপুরের মিনি সুপার মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, 'উত্তরাঞ্চলের কৃষক, দিনমজুরসহ নিম্ন ও মধ্যবিত্ত মানুষ মানবেতর জীবনযাপন করছে। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার ফলে মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে শুধু মঙ্গা নয়, দূর্ভিক্ষও দেখা দিতে পারে।'
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও জানান, দেশের অর্থনীতি ক্রমশ দুর্বল হচ্ছে, মানুষ প্রতিনিয়ত বেকার হচ্ছে, কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বলেন, 'যে অবস্থায় দেশে নির্বাচন হচ্ছে, সরকার যাই গঠন করুক তাত্ক্ষণিক শান্তি ফিরবে না।'
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের বলেন, 'আমি রংপুরের সন্তান। রংপুরের জনগণ আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি সমবেত জনতাকে আবারও ভোট দিয়ে জয়ী করার আহবান জানাই। জনগণকে হ্যাঁ পক্ষে নয়, না পক্ষে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।'
১০৫ বার পড়া হয়েছে