চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধি লক্ষ্য করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
কারিগরি শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত এএসএসইটি (অ্যাসেট) প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলায় সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ৩ জনকে তাৎক্ষণিক নিয়োগ দেওয়া হয়েছে, এবং ৬৭ জনকে ভবিষ্যতে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মেলার উদ্বোধন সকালেই চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বেলুন উড়িয়ে করেন। দেশের স্বনামধন্য ১৩টি শিল্প প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। দিনব্যাপী চলা এই আয়োজনে মোট ১৮০ জন চাকরিপ্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন, যা ভবিষ্যতে তাদের নিয়োগের পথ সুগম করবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. আব্দুল হক তালুকদার এবং বিশেষ অতিথি প্রাণ গ্রুপের ম্যানেজার মেহেদী হাসান কারিগরি দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর ফারুক। তারা বলেন, কারিগরি শিক্ষা ও শিল্পকারখানার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনই এই মেলার মূল উদ্দেশ্য। শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে বেকারত্ব দ্রুত হ্রাস পাবে। এছাড়া নতুন বাংলাদেশ গঠনে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।
মেলার পাশাপাশি ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পকারখানার ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ সেমিনারও অনুষ্ঠিত হয়। ফুড টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ড. আরিফুল ইসলাম এর সঞ্চালনায় সেমিনারে বক্তারা শিক্ষার্থীদেরকে বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণ ও শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনের পরামর্শ দেন।
উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীরা জানান, সরাসরি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ এবং ইন্টারভিউর অভিজ্ঞতা তাদের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।
১২১ বার পড়া হয়েছে