ঝিনাইদহের শৈলকুপায় দিনব্যাপী যুব উৎসব
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দিনব্যাপী এক যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার শৈলকুপা উপজেলার ভাটই মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হয় এই দিনব্যাপী যুব উৎসব।
অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর সহায়তায় অনুষ্ঠানের আয়োজন করে রিলাই জেলা কমিউনিটি সোসাইটি (আরডিসিএস)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়নের প্রশিক্ষক সাইফুল ইসলাম, ভাটই বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জিয়াউল হক এবং এসডিএফ-এর জেলা কর্মকর্তা সুলতানা বুলবুলি।
দিনব্যাপী এই আয়োজনে ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলার সাতটি ক্লাস্টারের প্রায় দুই শতাধিক বেকার যুব সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যুবদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি যুবদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনের জন্য চারটি স্টল স্থাপন করা হয়।
আয়োজকরা জানান, বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানে উৎসাহ প্রদান এবং তাদের সৃজনশীল উদ্যোগ সবার সামনে তুলে ধরতেই এই যুব উৎসবের আয়োজন করা হয়েছে।
১০৪ বার পড়া হয়েছে