পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, মুখ্যমন্ত্রী নিয়ে জোর আলোচনা
বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে সরকার গঠনের পথে দলটি। তবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
দলীয় সূত্রে জানা গেছে, বিধানসভায় নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ এবং সহকারী পর্যবেক্ষক হিসেবে মোহন চরণ মাঝিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।
মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে আলোচিত নাম শুভেন্দু অধিকারী। বিরোধীদলীয় নেতা হিসেবে তার অভিজ্ঞতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম ও ভবানীপুরে পরাজিত করার রাজনৈতিক কৃতিত্ব তাকে এগিয়ে রেখেছে বলে মনে করছে দলটির একাংশ।
এছাড়া রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক সভাপতি সুকান্ত মজুমদার, রাজনৈতিক বিশ্লেষক ও সাংসদ স্বপন দাশগুপ্ত, সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তরুণ নেতা সৌরভ সিকদারের নামও আলোচনায় রয়েছে।
উত্তরবঙ্গে বিজেপির বড় ধরনের সাফল্যের কারণে সুকান্ত মজুমদারের অবস্থানও শক্তিশালী হয়েছে। ওই অঞ্চলের ৫৪ আসনের মধ্যে ৪০টিতে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় স্বপন দাশগুপ্তকেও সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মধ্যপ্রদেশ বা দিল্লির মতো পশ্চিমবঙ্গেও চমক দেখিয়ে একেবারে নতুন কাউকে মুখ্যমন্ত্রী করতে পারে।
এদিকে, নতুন সরকারে উপমুখ্যমন্ত্রী পদ চালুর সম্ভাবনাও আলোচনা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারের গত ১৫ বছরে রাজ্যে কোনো উপমুখ্যমন্ত্রী ছিল না।
দলীয় সূত্র বলছে, সম্ভাব্য মন্ত্রিসভায় থাকতে পারেন জগন্নাথ সরকার, রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিকসহ আরও কয়েকজন নেতা।
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
নির্বাচনে বিজেপি ২০৭টি আসন পেলেও তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে এবং সিপিআই(এম) ও অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট একটি করে আসনে জয় পেয়েছে।
১২৫ বার পড়া হয়েছে