সালথায় সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম, অভিযুক্ত তিন সৎছেলে পলাতক
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকের মধ্যেই এক বৃদ্ধা সৎমাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার তিন সৎছেলের বিরুদ্ধে। আহত মনোয়ারা বেগম (৬০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলা প্রতিরোধ করতে গিয়ে মনোয়ারা বেগমের আপন ছেলে আব্দুর রাজ্জাকও আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসতভিটা ও পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে মনোয়ারা বেগমের সঙ্গে তার সৎছেলে হিরু মাতুব্বর (৩৫), রিপন মাতুব্বর (৪৩) ও ফিরোজ মাতুব্বরের (৪০) বিরোধ চলছিল। এর জেরে কয়েকদিন ধরেই পারিবারিক উত্তেজনা বাড়তে থাকে।
বিরোধ মীমাংসার লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রোববার রাতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকের একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্তরা মনোয়ারা বেগমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মাকে রক্ষা করতে গিয়ে আহত হন তার ছেলে আব্দুর রাজ্জাক।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত তিন সৎছেলে পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২৩ বার পড়া হয়েছে