দেশে হাম উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামে এবং হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাকি পাঁচ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে হয়েছে বলে জানা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৭২৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮২ জনের হাম শনাক্ত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশু ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।
এ সময়ে সর্বাধিক ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহী বিভাগে চারজন এবং চট্টগ্রাম বিভাগে দুইজনের হাম শনাক্ত হয়েছে। অন্য কোনো বিভাগে নতুন শনাক্ত রোগী পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৭২৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৭৪ জন ঢাকা বিভাগের। সবচেয়ে কম ভর্তি রোগী রংপুরে (১১ জন) এবং ময়মনসিংহে (১৭ জন)।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৭১৩ জন রোগী ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৩০৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০৩ জন করে রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১৫৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে ১০ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে