"নির্মম বাস্তবতা"
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শহরের প্রাণকেন্দ্রে বকুলের চায়ের দোকানে আমাদের রাতের শেষ আড্ডাটা যেন প্রতিদিনই নতুন এক রঙে রঙিন হয়ে ওঠে। চায়ের কাপে চুমুক, হালকা হাসি-তামাশা আর সমসাময়িক নানা বিষয় নিয়ে তর্ক-বিতর্ক—সব মিলিয়ে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ।
সেদিনও তেমনই এক আড্ডায় বসেছিলাম আমরা কয়েকজন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কবি লিটন আব্বাস।
তিনি ইরান যুদ্ধ নিয়ে বেশ গুরুত্ব দিয়ে কথা বলছিলেন। এই যুদ্ধের পটভূমি, প্রভাব ও সম্ভাব্য পরিণতি নিয়ে তিনি ইতোমধ্যে একটি মতামতধর্মী কলামও লিখেছেন।
আমরা—আমি, কাজী সাইফুলসহ আরও কয়েকজন—মনোযোগ দিয়ে তার কথা শুনছিলাম। মাঝে মধ্যে কেউ কেউ নিজেদের মতামতও যোগ করছিল।
এই গম্ভীর আলোচনার মাঝেই হঠাৎ ওমর মুন্সি একটি গল্প শুরু করলেন।
তিনি বললেন—
একদিন এক বাঘ নদীতে পানি খেতে গেল। ঠিক তখনই একটি ছাগল ভাটির দিক থেকে পানি খেয়ে ফিরছিল। বাঘ ছাগলটিকে দেখে ক্ষিপ্র গতিতে তার দিকে ছুটে গেল।
ভয়ে থমকে দাঁড়িয়ে ছাগল বিনয়ের সঙ্গে বলল, কি ব্যাপার? আমার দিকে এভাবে ছুটে আসছেন কেন?
বাঘ গর্জে উঠল, আমি তোকে খাবো!
ছাগল কাঁপা গলায় বলল, আমি তো একটা নিরীহ প্রাণী। আমি তো কোনো দোষ করিনি। আমাকে খাবেন কেন?
বাঘ বলল, তুই নিরীহ, এটা ঠিক। কিন্তু তোর দোষও আছে।
ছাগল বিস্মিত হয়ে জানতে চাইল, আমার দোষ! কী দোষ?
বাঘ উত্তর দিল, তুই পানি ঘোলা করিস। তোর জন্য ঘোলা পানি আমার গোঁফে লাগছে!
ছাগল শান্তভাবে বলল, আমি তো ভাটিতে পানি খেলাম, আর আপনি খেলেন উজানে। তাহলে আমি কিভাবে আপনার পানি ঘোলা করলাম?
বাঘ কিছুক্ষণ থেমে বলল, ঠিক আছে, তুই না করলেও তোর বাপ-দাদারা কেউ তো করেছে! তাই আমি তোকে খাবো! গল্পটি শেষ হলো।
কিন্তু আড্ডায় উপস্থিত কেউ কেউ গল্পটি শুনে হেসে উড়িয়ে দিল। কারো কাছে এটি ছিল একটি সাধারণ নীতিকথা, কারো কাছে নিছক বিনোদন।
তবে আমার কাছে মনে হলো—এই সরল গল্পের ভেতর লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা।
শক্তিশালী যখন দুর্বলকে আঘাত করতে চায়, তখন অজুহাতের কোনো অভাব হয় না। যুক্তি, ন্যায় বা সত্য—সবকিছু তখন গৌণ হয়ে যায়। ক্ষমতাই হয়ে ওঠে একমাত্র সত্য।
ওমর মুন্সি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব এগিয়ে নন। কিন্তু গ্রামের প্রবীণদের সঙ্গে তার দীর্ঘ সময়ের চলাফেরা, সামাজিক শালিস-বিচারে উপস্থিত থাকা—এসব অভিজ্ঞতা তাকে দিয়েছে বাস্তব জীবনের গভীর বোধ।
আমরা প্রায়ই মনে করি, শিক্ষা মানেই জ্ঞান। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া মানুষগুলো—তারা অনেক সময় অল্প শিক্ষিত হয়েও হয়ে ওঠেন গভীর প্রজ্ঞার অধিকারী।
ওমর মুন্সি ঠিক তেমনই একজন মানুষ। তিনি জানেন, কীভাবে অল্প কথায়, একটি সাধারণ গল্পের আড়ালে, বড় কোনো সত্য তুলে ধরতে হয়।
সমাজের নানা স্তরে আজও আমরা সেই বাঘ আর ছাগলের গল্পের পুনরাবৃত্তি দেখতে পাই। আর তাই, এই গল্প কেবল একটি গল্প নয়—এটি আমাদের সময়েরই প্রতিচ্ছবি।
লেখক: হাবীব চৌহান, সাংবাদিক।
(লখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)
১৩১ বার পড়া হয়েছে