লেবাননে বাংলাদেশিদের নিরাপদে রাখতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় সম্প্রতি লেবাননে চলমান সংঘাত পরিস্থিতি ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিজ বাড়িতে সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, লেবাননে ইসরায়েলি হামলায় সম্প্রতি অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে বাংলাদেশের নাগরিক দিপালী খাতুনও রয়েছেন। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে দিপালীর পরিবার এবং বোনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, লেবাননে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় ফ্লাইট সুবিধা সীমিত থাকায় নিহত দিপালীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য মন্ত্রণালয় কাজ করছে এবং লেবাননের বাংলাদেশ মিশনও সক্রিয় রয়েছে।
প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি জানান, যারা নিরাপত্তার কারণে দেশে ফিরতে পারছেন না, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে কিছু বাংলাদেশিকে দেশে আনা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তিনি উল্লেখ করেন, চলমান সংঘাতে বিভিন্ন দেশে নারীসহ এখন পর্যন্ত মোট ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি একই কথা পুনর্ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, এবং বিএনপির স্থানীয় সাবেক নেতৃবৃন্দসহ অনেকে। সভাটি পরিচালনা করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় কর।
১১৭ বার পড়া হয়েছে