মাদারীপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৫ যাত্রী, নিহত ১
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালকসহ অন্তত ২৫ জন যাত্রী।
তবে এক যাত্রী লাফ দিতে গিয়ে চাকার নিচে পড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানজট সৃষ্টি হয়। ঘটনাটি রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ‘সাকুরা পরিবহন’ নামের একটি বাস মেলকাই এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুন লাগার আগেই চালকসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদে সরে যান।
তবে এ সময় এক যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে আগুনে পুড়ে নিহত হন। ফায়ার সার্ভিসের ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক কামরুল ইসলাম বলেন, “পাথুরিয়া পার বাজার স্ট্যান্ড অতিক্রম করার পর বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত বাসটি মহাসড়কের পাশে থামান। সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে পড়েন। এরপরই আগুন দাউ দাউ করে বাসের ভেতর ও বাইরে ছড়িয়ে পড়ে।”
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত নেমে যেতে সক্ষম হন। তবে একজন যাত্রীর মৃত্যু হয়েছে এবং বাসটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে