দৌলতপুরে পীর হত্যা: এলাকায় থমথমে পরিস্থিতি, মামলা হয়নি এখনও
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দরবারের প্রধানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থাপনাটিতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) ওই দরবারের প্রধান ছিলেন। হামলার সময় দরবারে থাকা আরও তিন অনুসারী—মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের—আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্যও ঘটনাস্থল ঘুরে দেখেছেন।
এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ময়নাতদন্ত সম্পন্ন হয়নি বলে জানিয়েছে পরিবার। ময়নাতদন্ত শেষে মরদেহ দরবার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নিহতের বড় ভাই ফজলুর রহমান।
এ বিষয়ে খুলনার অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে জন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।”
১২৫ বার পড়া হয়েছে