ছুটিতে বাড়িতে গিয়ে হৃদরোগে কনস্টেবলের মৃত্যু
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ছুটি কাটাতে বাড়িতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট মহানগর পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল ওয়াহিদ (৩৯) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল ওয়াহিদ গত ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের নৈমিত্তিক ছুটিতে নিজ বাড়িতে ছিলেন। ছুটিকালীন সময়ে হঠাৎ করে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করলে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়িতে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, ২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন আব্দুল ওয়াহিদ। কর্মজীবনে তিনি বান্দরবান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং ২০১৪ সাল থেকে সিলেট মহানগর এলাকায় দায়িত্ব পালন করে আসছিলেন।
১২২ বার পড়া হয়েছে