ভারত সফর ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে জয়শঙ্করের সঙ্গে আলোচনা
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতে সাম্প্রতিক সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় সম্মেলন থেকে দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অবশ্যই হবে। তবে এখনো সফরের তারিখ চূড়ান্ত করা হয়নি। এই সফরের প্রস্তুতির অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হবে।”
তিনি আরও জানান, দুই দেশের প্রধানমন্ত্রী ইতোমধ্যে একে অপরকে চিঠি আদান-প্রদান করেছেন এবং টেলিফোনেও কথা বলেছেন। ভারত ও বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে উভয় পক্ষই অত্যন্ত আগ্রহী।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল দিল্লি সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
১২০ বার পড়া হয়েছে