নরসিংদীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, জনজীবন ও শিল্পে চরম ভোগান্তি
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জেলার বাসাবাড়ি, পরিবহন খাত এবং শিল্পকারখানায় ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে স্থানীয়দের অভিযোগ।
আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গিয়ে গ্যাস না পেয়ে অনেকে বাধ্য হয়ে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় যান। তবে সেখানেও গ্যাস সংকটের কারণে পর্যাপ্ত খাবার প্রস্তুত না থাকায় অনেকেই খাবার না পেয়ে ফিরে আসেন।
পরিবহন খাতেও এর প্রভাব পড়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশের বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যানবাহন চলাচল কমে যায়। অনেক স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ সারি দেখা গেছে, যা যাত্রী ও চালকদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
এছাড়া গ্যাসনির্ভর শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে ব্যবসায়ীদের মতে, তারা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতা অনুযায়ী, প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি তাদের নিজস্ব লাইনের সমস্যা। পরে আশপাশের এলাকায় খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে পুরো এলাকাজুড়েই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ধরে গ্যাস না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
নরসিংদী শহরের উপজেলা মোড়ের বাসিন্দা সিনহা বেগম জানান, দুপুরের খাবারের জন্য রান্না করতে গিয়ে তিনি দেখেন চুলায় গ্যাস আসছে না। প্রথমে তিনি ভেবেছিলেন তাদের বাসার লাইনে সমস্যা হয়েছে। পরে আশপাশের বাসাবাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানেও একই অবস্থা। তিনি আরও বলেন, কিছু সময় পর গ্যাস স্বাভাবিক হবে ভেবে অপেক্ষা করলেও বিকেল পর্যন্ত গ্যাস না পাওয়ায় পরিবারের সদস্যদের দুপুরের খাবারও খাওয়া সম্ভব হয়নি।
এদিকে পৌর শহরের পশ্চিম কান্দাপ এলাকার বাসিন্দা রুমানা খান বলেন, গ্যাসের অভাবে সকালে রান্না করতে পারেননি। পরিবারের সদস্যদের নিয়ে বাইরে খেতে গেলে হোটেলগুলোতেও খাবার পাওয়া যায়নি, কারণ সেখানেও গ্যাসের অভাবে রান্না বন্ধ ছিল বলে জানান তারা।
তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রহমান জানান, তিতাস গ্যাস নরসিংদীর বিতরণ প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে মেরামত কাজ শেষে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
২৩০ বার পড়া হয়েছে