সর্বশেষ

সারাদেশ

এপ্রিলের শেষ সপ্তাহ থেকে ঢাকা টু গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেছেন, চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে ঢাকা থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে ঢাকার মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।

এছাড়া পহেলা বৈশাখ থেকে ঢাকা–বেনাপোল রুটের ট্রেন মুকসুদপুর স্টেশনে যাত্রা বিরতি দেবে। এতে এ জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং স্বল্প খরচে রাজশাহী, ঢাকা ও বেনাপোলসহ বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হবে। তিনি বলেন, এতে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং জেলার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. বাবর আরও বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে বিরোধী দল নানা মন্তব্য করেছিল, অথচ অল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ইমাম ও পুরোহিতদের ভাতা চালু করা হয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, সারা দেশের মানুষ মনে করে বিগত সরকার গোপালগঞ্জকে উন্নয়নে ভরিয়ে রেখেছিল, কিন্তু বাস্তবে এ জেলায় তেমন কোনো উন্নয়ন হয়নি এবং কর্মসংস্থানও সৃষ্টি হয়নি। তিনি প্রশ্ন করেন, গোপালগঞ্জ থেকে রাজশাহী ট্রেন চালু করা হলেও কেন গোপালগঞ্জ থেকে ঢাকা ট্রেন চালু করা হয়নি বা একটি ইপিজেড স্থাপন করা হয়নি। তার মতে, তাহলে জেলায় কর্মসংস্থান তৈরি হতো।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার দেশ শাসন করলেও গোপালগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে। পানি সরবরাহ অপ্রতুল এবং ব্যবহার অযোগ্য। তিনি প্রশ্ন করেন, পৌরসভা যদি অর্থে ভরপুরই হয়ে থাকে, তবে সেই টাকা কোথায় গেছে এবং কেন একটি পানি শোধনাগার স্থাপন করা হয়নি। তিনি জানান, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য তিনি ডিও লেটার দিয়েছেন।

এমপি বাবর বলেন, তিনজন সংসদ সদস্য মিলে গোপালগঞ্জের উন্নয়নে কাজ করছেন এবং ব্যক্তিগত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দিনরাত চেষ্টা চলছে। তিনি আরও বলেন, তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতে সারা দেশের সঙ্গে গোপালগঞ্জের উন্নয়নও এগিয়ে যাবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন দরিদ্র ও মেহনতি মানুষের পক্ষে কাজ করেন এবং ভোটের জন্য কাউকে ঠকিয়ে প্রভাবশালীদের পাশে না দাঁড়ান। এলাকায় মাদক, চুরি ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে তিনি আহ্বান জানান।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এমন প্রকল্প নেওয়া উচিত যা জনগণের কাজে আসে এবং জনগণ উপকৃত হয়। তিনি আরও বলেন, কোনো অনৈতিক কাজে জড়িত ব্যক্তিকে সহযোগিতা না করতে এবং অনৈতিক সুবিধার চেষ্টা হলে তাকে জানাতে।

তিনি বলেন, তিনি গোপালগঞ্জের প্রতিটি মানুষের এমপি এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি বাসযোগ্য গোপালগঞ্জ গড়ে তুলতে চান, যেখানে কোনো গডফাদার বা বাহিনীর প্রভাব থাকবে না এবং সবাই সমান সুযোগ পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। এতে বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা বাবলী শবনম, সদর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন