পঞ্চগড়ে সপ্তাহব্যাপী আবৃত্তি কর্মশালা সম্পন্ন, সনদ পেল ৩৭ শিক্ষার্থী
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী আবৃত্তি কর্মশালা শেষ হয়েছে। জেলা শহরের নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকেলে সংগঠনটির কার্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব রবিউল ইসলাম রফিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলমও বক্তব্য দেন।
আয়োজকরা জানান, কর্মশালায় জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রমিত উচ্চারণ, শুদ্ধ বাংলা চর্চা, বর্ণের সঠিক ব্যবহার, বাক্যের স্বর, গতি ও বিরতি, স্বরের ওঠানামাসহ আবৃত্তির বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার প্রশিক্ষক ছিলেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রশিদা খাতুন, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন এবং তরুণ আবৃত্তিকার আমিনুর ইসলাম।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ভাষা ও উচ্চারণে দক্ষ করে তোলার মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোই এ কর্মশালার মূল উদ্দেশ্য। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং আবৃত্তি পরিবেশন করে শোনান।
শেষে অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
১৬১ বার পড়া হয়েছে