শান্তির পৃথিবী চাই
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আমি দেখতে চাই—
একটি ভোর, যেখানে বিস্ফোরণের শব্দ নেই,
গোলার আগুনে পুড়ে যায় না শিশুর স্বপ্ন,
মায়ের কান্না ভেসে আসে না আকাশভর্তি ধোঁয়ার ভেতর থেকে।
আমি রেখে যেতে চাই—
একটি পৃথিবী,
যেখানে বাবা ঘরে ফেরে প্রতিদিন,
ইট-পাথরের নিচে চাপা পড়ে থাকে না জীবনের গল্প,
ভয়ের ছায়া মানুষের পিছু নেয় না প্রতিটি মুহূর্তে।
আমি চাই—
মানুষ বাঁচুক মানুষের মতো,
হাসুক মুক্ত বাতাসে,
নদীর জলে ধুয়ে যাক ক্লান্তি,
আর আকাশ ভরে উঠুক শান্তির নীল আলোয়।
বলছি তোমাদের—
যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো।
কেন এই রক্তের খেলা?
কিসের লোভে, কার স্বার্থে এই ধ্বংসযজ্ঞ?
এই পৃথিবী তো সবার—
এখানে নেই কোনো ভেদাভেদ,
মানুষই মানুষের পরিচয়,
এখানেই জন্ম নিক ভালোবাসা, সহমর্মিতা আর সহাবস্থান।
চাই না আর বিভাজন—
না কোনো শক্তির দম্ভ,
না কোনো অস্ত্রের গর্জন।
প্রাণ, প্রকৃতি আর মানুষ—
একসাথে গড়ুক নতুন এক পৃথিবী,
যেখানে থাকবে শুধু শান্তির স্পর্শ,
আর মানবতার জয়গান।
হ্যাঁ, আমি চাই—
একটি সত্যিকারের শান্তির পৃথিবী।
লেখক: হাবীব চৌহান, সাংবাদিক।
১৩৫ বার পড়া হয়েছে