সর্বশেষ

সারাদেশ

বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবার: সহায়তার আবেদন

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী ইউনিয়নের চাদকাঠি গ্রামের ফারুক হাওলাদারের পরিবারে এক বিরল ও আলোচিত ঘটনা ঘটেছে। ওই পরিবারের ২৩ বছর বয়সী গৃহবধূ লামিয়া বেগম একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন—তিন ছেলে ও দুই মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, গত বছরের ৬ অক্টোবর বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ওই পাঁচ নবজাতকের জন্ম হয়। এমন বিরল ঘটনায় শুরুতে এলাকায় ব্যাপক আনন্দ ও কৌতূহলের সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নিয়েছে চরম বাস্তবতার সংগ্রামে।

বর্তমানে প্রতিদিনই পাঁচ নবজাতকের দেখাশোনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে পরিবারটি। এক শিশুকে খাওয়ানো বা গোসল করানোর সময় অন্যজনের যত্ন নিতে হচ্ছে, ফলে সারাক্ষণই ব্যস্ত থাকতে হচ্ছে স্বজনদের।

গৃহবধূ লামিয়া বেগম বলেন, “এই সন্তানদের সুস্থভাবে বড় করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ঘুম-নিদ্রা বলতে কিছুই নেই। সরকার বা সমাজের কেউ যদি পাশে দাঁড়াতো, তাহলে তাদের মানুষ করতে পারতাম।”

তিনি আরও জানান, সন্তান জন্মের পর থেকেই তিনি বাবার বাড়িতেই অবস্থান করছেন। তার স্বামী সোহেল হাওলাদার একজন ছোট মুদি দোকানদার। সীমিত আয়ে পাঁচ সন্তানের ভরণপোষণ চালাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে চরম সংকটে পড়েছে।

শিশুদের নানী বলেন, “পাঁচ নাতি-নাতনি একসঙ্গে পাওয়া আনন্দের হলেও তাদের লালন-পালন করতে খুব কষ্ট হচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আমরা সহযোগিতা চাই।”

এ বিষয়ে বাউফল উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার জানান, সরাসরি এ ধরনের সহায়তার নির্দিষ্ট কোনো প্রকল্প না থাকলেও জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে আবেদন সাপেক্ষে অনুদান পাওয়ার সুযোগ রয়েছে।

একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম যেমন বিরল ঘটনা, তেমনি তাদের লালন-পালন পরিবারটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মতে, সরকারি ও সামাজিক সহায়তা পেলে শিশুদের ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন