টাঙ্গাইলে ৫ টাকায় খাবার বিতরণ: নিম্নআয়ের মানুষের মুখে স্বস্তির হাসি
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল শহরে মাত্র ৫ টাকায় হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে রান্না করা দুপুরের খাবার বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার জুমার নামাজের পর শহরের শহীদ মিনার এলাকায় এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
সামাজিক উদ্যোগভিত্তিক সংগঠন সর্বদা নির্ভীক ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষরা অংশ নেন। দুপুর আড়াইটা থেকে তারা পাঁচ টাকার টোকেন সংগ্রহ করে খাবারের জন্য অপেক্ষা করেন। পরে মাত্র ৫ টাকার বিনিময়ে তারা মিক্স খিচুড়ি ও মুরগির মাংসসহ দুপুরের খাবার গ্রহণ করেন।
আয়োজনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দা তাসমো, সামিউল হাসান সাদি, সভাপতি শাহিন সরকার এবং সাধারণ সম্পাদক মারুফ শিকদার। এছাড়া আলোকিত জীবন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা শাম্মী হুদা এবং লন্ডন প্রবাসী সংগ্রাম মোহাম্মদসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মাসের প্রতি দ্বিতীয় বা তৃতীয় শুক্রবার নিয়মিতভাবে এই ৫ টাকার খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রায় দেড় বছর ধরে সংগঠনটির অধিকাংশ সদস্যই শিক্ষার্থী হিসেবে স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
১১৮ বার পড়া হয়েছে