সর্বশেষ

সারাদেশ

 যৌতুকের জন্য স্ত্রী হত্যা, ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালি উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী মো. নাছের ঠাকুর (৪০)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০১২ সালে নাছের ঠাকুরের সঙ্গে স্বপ্না বেগমের (২৫) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাছের নিয়মিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন। ২০১৬ সালের ২১ মার্চ এক লাখ টাকা যৌতুক না পেয়ে তিনি স্বপ্নাকে মারধরের পর নিজ বাড়িতে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আলী শেখ মধুখালি থানায় নাছের ঠাকুরসহ আরও চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক আব্দুর রব। ঘটনার প্রায় এক মাস পর ২০১৬ সালের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী রায়ের প্রতিক্রিয়ায় বলেন, দেরিতে হলেও এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধ করে কেউ পার পায় না—এ বার্তাই আবারও প্রমাণিত হলো।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন