পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই, ব্যবসায়ীদের বিপুল ক্ষতি
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ছোট জুজখোলা এলাকায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাত প্রায় ৪টার দিকে সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই বাজারের একের পর এক দোকানে আগুন ধরে যায়। ফলে মুহূর্তের মধ্যে ৬টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মো. চাঁন মিয়া শেখ, মো. ইমাম হোসেন, মো. ইলিয়াস হোসেন, আমজেদ, ডা. আ. সালাম (লাল মিয়া) এবং চাঁন খান। তাদের দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং অনেকেই এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক এবং শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সরদার চাঁন।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।
১২৯ বার পড়া হয়েছে