সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা, আটক ২
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম নামে এক যুবককে পিটিয়ে ও পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছার বাড়ির আবুল মনসুরের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের স্থানীয় সংগঠনের একজন নেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে এবং পায়ের রগ কেটে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
নিহতের ভাই মো. সেলিম জানান, শামীম দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তিনি অনেক দিন ধরে আত্মগোপনে ছিলেন।
বুধবার রাতে শামীমের স্ত্রী সীতাকুণ্ড বাজারে স্বর্ণ বন্ধক রেখে টাকা সংগ্রহ করে বাবার বাড়িতে যান। পরে সন্ধ্যার দিকে শামীমও সেখানে পৌঁছান। রাত আনুমানিক আটটার দিকে স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল শামীমকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ বেড়িবাঁধসংলগ্ন তালতলা এলাকায় ফেলে রাখা হয়।
দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, বুধবার রাত প্রায় একটার দিকে জাতীয় জরুরি সেবায় ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে