২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রামে ভীড়েছে আরো একটি জাহাজ
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ১২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমটি সেন্ট্রাল স্টার নামের একটি জাহাজ।
বৃহস্পতিবার দুপুরে জাহাজটি বন্দরের নৌসীমানায় এসে নোঙর করে। মালয়েশিয়া থেকে আমদানি করা এই অকটেনের সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক জ্বালানি তেল সরবরাহকারী কোম্পানি ভিটল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, জাহাজে আসা অকটেন খালাসের দায়িত্ব পালন করছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী সংস্থা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। বিপিসি জানায়, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং জাহাজটি থেকে দ্রুততার সঙ্গে অকটেন খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিপিসির তথ্য অনুযায়ী, দেশে অকটেনের বিদ্যমান মজুত ছিল ১০ হাজার ৫২৬ টন। মার্চ মাসে প্রতিদিন গড়ে ১ হাজার ২২২ টন অকটেন বিক্রি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৪ লাখ ১৫ হাজার টন অকটেন বিক্রি হয়েছে। এর প্রায় অর্ধেক দেশে উৎপাদিত হলেও প্রতিবছর গড়ে অন্তত ২ লাখ টন অকটেন আমদানি করতে হয়।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ কিছুটা কমে গিয়েছিল, ফলে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। নতুন এই চালান দ্রুত বাজারে সরবরাহ স্বাভাবিক করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
১২৩ বার পড়া হয়েছে