শেরপুর-৩ আসনে ভোট কারচুপির অভিযোগে জামায়াতের ভোট বর্জন
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ১২:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকেল ৩টার পরে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের নেতারা।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রভাব বিস্তার করে জোরপূর্বক সিল মারা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব অনিয়মের প্রতিবাদ করায় দলের অনেক কর্মীকে মারধরের অভিযোগও তোলেন তিনি। একটি সরকারি দলের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই প্রার্থী।
অন্যদিকে, শেরপুরের নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন চলাকালীন কোনো প্রার্থীর পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ভোটের শেষ সময়ে, অর্থাৎ পৌনে ৩টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেওয়া নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল।
উল্লেখ্য, এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১১৮ বার পড়া হয়েছে