বাংলাদেশি জাহাজের হরমুজ প্রণালি পার হওয়ার যাত্রা শুরু
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরান-যুক্তরাষ্ট্র-ইস্রায়েল সংঘাতের পর পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হওয়ার জন্য নোঙর তুলেছে। জাহাজটিতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক-এর ওয়েবসাইট অনুযায়ী, বুধবার দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়। একই সময়ে জাহাজটি দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। জাহাজটির গতিবেগ ঘণ্টায় ৮.৩০ নটিক্যাল মাইল এবং ড্রাফট ১০.৮০ মিটার।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান বুধবার দুপুর ১২টায় প্রথম আলোকে জানান, “সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে আমরা দাম্মাম বন্দরের বহির্নোঙরে ছিলাম। যুদ্ধবিরতির পর এখন নোঙর তোলা হয়েছে। হরমুজের দিকে যাচ্ছি। হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নেওয়া হবে।” তিনি আরও জানান, বর্তমানে তারা হরমুজ থেকে ৪২৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন এবং হরমুজ পার হতে অন্তত দুই দিন (প্রায় ৪০ ঘণ্টা) সময় লাগতে পারে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, জাহাজটি ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরদিন যুক্তরাষ্ট্র ও ইস্রায়েল ইরানে হামলা চালালে ইরান প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালায় এবং সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।
বিএসসির কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে জাহাজ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু হলেও নিরাপত্তার কারণে জাহাজকে পূর্ব অবস্থানে ফিরে যেতে হয়। যুদ্ধবিরতির পর আবার জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করেছে।
১২৬ বার পড়া হয়েছে