সর্বশেষ

সারাদেশ

৭টায় দোকান বন্ধ: সিলেটে ব্যবসায়ীদের ক্ষোভ, সময় বাড়ানোর দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সরকারের নির্ধারিত সময় অনুযায়ী সিলেট নগরীতে দোকানপাট বন্ধের সময় সন্ধ্যা ৬টা থেকে বাড়িয়ে রাত ৭টা করা হলেও এতে চাপে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, নির্ধারিত এই সময়সীমা ব্যবসার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নাইওরপুল থেকে ধোপাদিঘীর পূর্বপাড় হয়ে জেলরোড পর্যন্ত অনেক দোকান তখনও খোলা রয়েছে। অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধের প্রস্তুতিও নেননি। অন্যদিকে জিন্দাবাজার এলাকায় প্রায় ৯০ শতাংশ দোকান বন্ধ বা বন্ধের প্রক্রিয়ায় ছিল।

ব্যবসায়ীরা জানান, সিলেটে সাধারণত সকাল ১১টার পর দোকান খোলে এবং মূল বেচাকেনা শুরু হয় বিকেলের পর। ফলে রাত ৭টার মধ্যে দোকান বন্ধ করতে হলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

বন্দরবাজারের ব্যবসায়ী পারিস মিয়া বলেন, “৭টার মধ্যে দোকান বন্ধ করতে গেলে গুছাতে গিয়েই ৮টা বেজে যায়। তাই সময় অন্তত রাত ৮টা পর্যন্ত বাড়ানো উচিত।”

জিন্দাবাজারের সিলেট প্লাজা মার্কেটের ব্যবসায়ী শাহিন আহমদও একই মত প্রকাশ করে বলেন, “সরকার দেশের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছে, সেটি আমরা বুঝি। তবে সিলেটের ব্যবসার ধরন বিবেচনায় সময় ৮টা পর্যন্ত করা হলে ভালো হতো।”

তবে সব এলাকায় একই চিত্র দেখা যায়নি। মিরাবাজার, শিবগঞ্জ বাজার ও টিলাগড় এলাকায় রাত ৯টার পরও কিছু দোকান খোলা থাকতে দেখা গেছে।

করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী মঞ্জুর আহমদ বলেন, “৬টার চেয়ে ৭টা কিছুটা স্বস্তিদায়ক। তবে বিকেলের পরই ক্রেতা বাড়ে, তাই ৮টা পর্যন্ত সময় বাড়ানো প্রয়োজন।”

এদিকে প্রশাসনের পক্ষ থেকে নতুন সময়সূচি বাস্তবায়নে জোর তৎপরতা চালানো হচ্ছে। বিভিন্ন মার্কেটে মাইকিং করে ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন। যেসব এলাকায় এখনো বিষয়টি সম্পর্কে সচেতনতা কম, সেখানে প্রচারণা জোরদার করা হচ্ছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, “এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের কিছুটা ক্ষতি হচ্ছে। আমরা সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছি। পাশাপাশি ক্ষতি পুষিয়ে নিতে ভ্যাট-ট্যাক্সে কিছুটা ছাড় দেওয়ারও প্রয়োজন রয়েছে।”

অন্যদিকে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তাহমিনা হাসান চৌধুরী বলেন, “দেশের স্বার্থে সিদ্ধান্তটি মেনে নেওয়া জরুরি। সময়ের সঙ্গে ক্রেতারাও নতুন সময়সূচির সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন।”

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার গত ২ এপ্রিল দেশের সব দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়। পরে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে তা এক ঘণ্টা বাড়িয়ে রাত ৭টা নির্ধারণ করা হয়। তবে ব্যবসায়ীরা এখনো রাত ৮টা পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছেন।
 

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন