মহারাষ্ট্রে সাজা শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের মহারাষ্ট্রে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন রিমা আক্তার (২২) নামে এক বাংলাদেশি তরুণী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
ফিরে আসা রিমা আক্তার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পাজাঁখোলা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে। দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি।
পরে অবৈধভাবে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রে তাকে আটক করে স্থানীয় পুলিশ। আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়। সাজা শেষে তিনি একটি সেফ হোমে ছিলেন।
নাগরিকত্ব যাচাই শেষে ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানো হয়।
যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার বেনাপোল কার্যালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ইমিগ্রেশন ও পোর্ট থানার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, ট্রাভেল পারমিটে দেশে ফেরা ওই নারীর কাগজপত্র যাচাই শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১২৫ বার পড়া হয়েছে