মাদকবিরোধী বার্তা নিয়ে গোপালগঞ্জের আকাশে উড়লো রঙ-বেরঙের ঘুড়ি
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে আজ (৭ এপ্রিল ২০২৬) আকাশ নীলিমার বদলে রঙিন ঘুড়ির ছোঁয়ায় আলোকিত হলো।
স্থানীয় গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (বিওয়াইএফসি)-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে “ঘুড়ি উৎসব-২০২৬”।
উৎসবের প্রতিপাদ্য ছিল— “মাদক নয়, উড়াই ঘুড়ি, আলোকিত সমাজ গড়ি”, যা তরুণদের মাদকমুক্ত রাখতে, হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয়েছে।
নিজরা উচ্চ বিদ্যালয় মাঠে ছোট-বড় মিলিত হয়ে আকাশে উড়ালো নানা রঙের ঘুড়ি। চিল, ঈগল, পতেঙ্গা, তরি, সাপ, ড্রাগন ও প্রজাপতি আকৃতির ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। দিনব্যাপী আয়োজনে ছিল ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। উৎসবস্থল এক মিলনমেলায় পরিণত হয়, বিশেষ করে শিশু-কিশোরদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বাবলী শবনম, এবং বিশেষ অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ। উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুন চন্দ্র মন্ডল সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন গোপালগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার তাপস বিশ্বাস ও রুবেন মজুমদার।
প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস বলেন, “এ ধরনের উৎসব তরুণদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়ক হবে এবং সমাজে মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নবী নেওয়াজ বলেন, “মাদক ও অনলাইন গেমের কারণে আজকের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তরুণদের মাঠমুখী করতে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।”
উৎসবের সমাপনীতে সেরা ঘুড়ি নির্মাতা এবং সবচেয়ে দীর্ঘসময় ঘুড়ি আকাশে ধরে রাখার প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
২০৪ বার পড়া হয়েছে