কুয়াকাটায় ইয়াবাসহ ২ জন আটক, একজনের ৩ মাসের কারাদণ্ড
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুয়াকাটা-এ ইয়াবা পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। রবিবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহসভাপতি জাকির (৪৪)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, আটক দুলাল (৪০)-এর বিরুদ্ধে একই আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। কুয়াকাটাকে নিরাপদ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও জরুরি।
এ ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
১৪৪ বার পড়া হয়েছে