ফতুল্লার যুবক শুভ'র মরদেহ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচে উদ্ধার
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজ হওয়া ২১ বছরের যুবক শুভর মরদেহের সন্ধান মিলেছে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচে।
গত ২৯ মার্চ জরুরি কাজের কথা বলে ডেকে নেওয়ার পর তাকে পিটিয়ে হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাকে সহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের মা। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিখোঁজের সাত দিন পর অবশেষে মিলল শুভর নিথর দেহ। গত ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে যে মরদেহটি উদ্ধার করেছিল পুলিশ, আজ রোববার দুপুরে পরিবারের সদস্যরা সেটি শুভর বলে শনাক্ত করেছেন। মাত্র ২১ বছর বয়সেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো এই যুবককে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৯ মার্চ সন্ধ্যায় জরুরি কাজের কথা বলে শুভকে ফতুল্লার চানমারী বস্তি এলাকায় ডেকে নেয় শাকিল ও লাল শুভ নামের দুই যুবক। সেখান থেকে তাকে অপহরণ করে চাষাড়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশা গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চালানো হয় পাশবিক নির্যাতন।
এই ঘটনায় শুভর মা মাকসুদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করা হয়েছে। তালিকায় নাম রয়েছে স্থানীয় সাংবাদিক আলী মিয়াসহ আরও ৯ জনের। আসামিদের সবার বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানিয়েছেন, ৩১ মার্চ রূপগঞ্জে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটি শুভর বলে পরিবার নিশ্চিত করেছে। যে মোটরসাইকেলে তাকে নেওয়া হয়েছিল এবং যারা ডেকে নিয়েছিল, তাদের ধরতে পারলেই হত্যার মূল রহস্য পরিষ্কার হবে। পুলিশের অভিযান এখনো অব্যাহত আছে।
ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে মামলার মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার পেছনের প্রকৃত কারণ এবং মূল পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
একটি অটোরিকশা গ্যারেজে নির্যাতনের পর লাশ কাঞ্চন ব্রিজে ফেলে দেওয়ার এই ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শোকাতুর পরিবারের দাবি, জড়িত প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
১২২ বার পড়া হয়েছে