৩ মে থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৫ এপ্রিল) সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এর আগে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ৩ মে থেকে দেশের অন্যান্য অঞ্চলেও এই কর্মসূচি একযোগে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে হামের প্রকোপ হঠাৎ করে বেড়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।
মন্ত্রী সতর্ক করে বলেন, বর্তমানে দেশে হামের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা করোনাভাইরাস মহামারীর চেয়েও কম উদ্বেগজনক নয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সকল শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
১২৪ বার পড়া হয়েছে