ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান, পাল্টা হুঁশিয়ারি ইরানের
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে পৌঁছানোর আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একইসঙ্গে ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা কড়া সতর্কবার্তাও দিয়েছে দেশটির সামরিক নেতৃত্ব।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানকে পূর্বে চুক্তিতে সম্মত হওয়া অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। তিনি বলেন, সময় দ্রুত শেষ হয়ে আসছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দিলে ইরানকে “ভয়াবহ পরিস্থিতির” মুখোমুখি হতে হবে।
তবে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এই আলটিমেটামকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা আলি আবদুল্লাহি আলিয়াবাদি ট্রাম্পের বক্তব্যকে “অসহায়, স্নায়বিক ও ভারসাম্যহীন” বলে আখ্যা দেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হুমকির পরিণতি যুক্তরাষ্ট্রের জন্যই বিপর্যয় ডেকে আনতে পারে।
এদিকে, ট্রাম্প পরবর্তীতে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে রাতের আকাশে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তেহরানে বড় হামলার দাবি করা হলেও, ঘটনাটির সময় ও সত্যতা সম্পর্কে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি।
ঘটনাটি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
১৩০ বার পড়া হয়েছে