রংপুরে ৮ কেন্দ্রে গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুরে আজ শুক্রবার দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের ৮টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।
জানা গেছে, পরীক্ষায় মোট ১৯,৪৩১ জন শিক্ষার্থী অংশ নেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩,০৮৬ জন, কারমাইকেল কলেজে ৩,৭৭০ জন, রংপুর সরকারি কলেজে ১,২৮২ জন, সরকারি বেগম রোকেয়া কলেজে ১,২৯৮ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৪,০৫৪ জন, মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে ১,৪৫১ জন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ৩,৬৫৬ জন এবং কারমাইকেল কলেজিয়েট স্কুলে ৮৪৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। আট কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীর হার ৮৬.৫২ শতাংশ।
পরীক্ষা চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থীরা সময় ও অর্থ সাশ্রয় করতে পারবে, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ঝামেলা কমবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুষ্ঠু পরীক্ষা পরিচালনার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, রোযা ও জাতীয় নির্বাচনের কারণে ‘বি’ ইউনিটের পরীক্ষা দেরিতে হলেও ভর্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। আগামী ১০ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১০৭ বার পড়া হয়েছে