কিশোরগঞ্জে ২৪ দিন নিখোঁজের পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিখোঁজ হওয়া মো. আবীর হোসেন (২০) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া এলাকার মাধাই নগর অংড়াইল হাওরের একটি ভুট্টা ক্ষেতে।
নিহত আবীর সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া উত্তর পাড়ার মো. সিদ্দিক মিয়ার ছেলে।
নিহতের বাবা শুক্রবার (৩ এপ্রিল) নিকলী থানায় মামলা দায়ের করেন, যার অভিযোগে মাহমুদুল হাসান (২০), খেয়া আক্তার (১৮) দম্পতি ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, দুই বছর আগে টিকটকের মাধ্যমে রাজশাহীর বাঘমারা উপজেলার আ. রশিদের মেয়ে খেয়া আক্তারের সঙ্গে মাহমুদুল হাসানের পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত বছরের ১৭ নভেম্বর খেয়াকে নাটোর থেকে নিকলীতে নিয়ে আসেন মাহমুদুল এবং ১৯ নভেম্বর তাদের বিয়ে হয়।
নিহত আবীর ও খেয়ার মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর ছবি আদান-প্রদান করা হয়, যা জানার পর মাহমুদুল তাকে হুমকি দেন। এরপর দুই দিন পর থেকে আবীর নিখোঁজ হন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৯ মার্চ থেকে আবীর নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ১৩ মার্চ পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন কৃষক ভুট্টা ক্ষেতে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের পরিচয় আবীরের কাপড়ের সঙ্গে মিলিয়ে নিহতের বাবা শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাহমুদুল ও খেয়া আক্তারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে