সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে শুরু অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা,

খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ সরকারের: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
পর্যটন নগরী কক্সবাজারে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। সমুদ্রের উর্মিমালার জলরাশিতে দেশি-বিদেশি সার্ফারদের অংশগ্রহণে জমে উঠেছে এই রোমাঞ্চকর প্রতিযোগিতা।

চৈত্রের তীব্র গরম উপেক্ষা করে প্রায় শতাধিক সার্ফার ঢেউয়ের সঙ্গে লড়াইয়ে নেমেছেন। তাদের মধ্যে রয়েছেন ২৫ জন নারী সার্ফার, যা এবারের আসরকে আরও প্রাণবন্ত করে তুলেছে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের লাবনী পয়েন্টে।

শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সার্ফিংকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, সরকার খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি সুস্থ ও সবল জাতি গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে অভিভাবকদের মানসিকতা পরিবর্তন জরুরি। ইতোমধ্যে খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালু এবং ক্রীড়া কার্ড প্রদান শুরু হয়েছে, যার মাধ্যমে তারা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সার্ফিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন এবং ওয়ার্ল্ড আর্চারী এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বাংলাদেশ সার্ফিং দলের হয়ে এশীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া সাতজন সার্ফারকে সংবর্ধনা দেওয়া হয়। পরে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন