ধর্মসাগর পাড়ে কনস্টেবলকে ছুরিকাঘাত: ১২ ঘণ্টায় মূল হামলাকারীসহ গ্রেফতার ২
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা নগরীর জনপ্রিয় বিনোদনকেন্দ্র ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দ্রুত অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল হামলাকারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল বিকেল প্রায় ৫টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা তার স্বামী, চাঁদপুর জেলা পুলিশের কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়েরকে নিয়ে ধর্মসাগর এলাকায় ঘুরতে যান। এ সময় সেখানে উপস্থিত তিন যুবক জাকিয়াকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করে। এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে জোবায়েরের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।
দিনদুপুরে এ ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নজরে এলে তিনি দ্রুত জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন।
নির্দেশনা পেয়ে ডিবি ও থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। পরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মো. রিফাত (১৯), কালিয়াজুড়ী (মুন্সেফ কোয়ার্টার), কোতয়ালী এবং সিয়াম (২০), ভুবনঘর, কোতয়ালী, কুমিল্লা।
পুলিশ সুপার জানান, কুমিল্লায় কিশোর গ্যাং বা বখাটেদের কোনো অপতৎপরতা সহ্য করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
১০৪ বার পড়া হয়েছে